তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে গবেষণার জন্য ২০২৫-২৬ অর্থবছরে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৮ জন শিক্ষার্থী ও গবেষককে মনোনয়ন দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বাছাই কমিটি ও এওয়ার্ড কমিটির সুপারিশ অনুযায়ী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এই ফেলোশিপে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফজলে রাব্বি রিজন ও শারমিন জাহান। ফজলে রাব্বি ত্বকের ক্যান্সার বিশেষ করে মেলানোমা সনাক্তকরণের জন্য মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কম্পিউটার-সহায়ক ডায়াগনস্টিক পদ্ধতি নিয়ে গবেষণা করবেন। গবেষণায় আইএসআইসি ২০১৯ ডেটাসেট ব্যবহার করে মডেল উন্নয়ন ও মূল্যায়ন করা হচ্ছে। মডেলের নির্ভুলতা বাড়াতে ডেটা অগমেন্টেশন, ফিচার ইঞ্জিনিয়ারিং এবং এনসেম্বেল লার্নিং কৌশল প্রয়োগ করা হয়েছে।
শারমিন জাহান মেশিন লার্নিং ব্যবহার করে নারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হয়রানি শনাক্তকরণের ওপর গবেষণা করবেন। প্রশ্নমালার মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করে ডেটা প্রিপ্রসেসিং, ফিচার এক্সট্রাকশন এবং মেশিন লার্নিং মডেলের মাধ্যমে একটি কার্যকর শনাক্তকরণ কাঠামো প্রস্তাব করা হয়েছে। এর লক্ষ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা।
সিএ/এমআর


