তাইওয়ানের সেমিকন্ডাক্টর উৎপাদন সক্ষমতার ৪০ শতাংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রস্তাবকে বাস্তবসম্মত নয় বলে সরাসরি নাকচ করেছে তাইপে। দেশটির উপপ্রধানমন্ত্রী এবং শুল্ক আলোচনায় প্রধান প্রতিনিধি চেং লি-চুন বলেছেন, কয়েক দশক ধরে গড়ে ওঠা তাইওয়ানের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম অন্য দেশে সরিয়ে নেওয়া কার্যত অসম্ভব।
রোববার (৭ ডিসেম্বর) রাতে তাইওয়ানের টেলিভিশন চ্যানেল সিটিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তাইওয়ানের বিজ্ঞান পার্ক বা শিল্পকেন্দ্র স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই। তাঁর ভাষায়, দেশের ভেতরেই সেমিকন্ডাক্টর সক্ষমতা আরও জোরদার করা হবে। তবে বৈশ্বিক সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়তে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক মন্তব্য করেন, চীনের নিকটবর্তী অঞ্চলে এত বড় পরিসরে চিপ উৎপাদন যুক্তরাষ্ট্রের জন্য যৌক্তিক নয় এবং তিনি বাজারের অন্তত ৪০ শতাংশ দখলের লক্ষ্য উল্লেখ করেন। এ প্রসঙ্গে চেং লি-চুন বলেন, উন্নত উৎপাদন, প্যাকেজিং এবং শক্তিশালী সরবরাহ শৃঙ্খলের সমন্বয়ে তাইওয়ানের মোট সক্ষমতা যুক্তরাষ্ট্র বা অন্য যেকোনো দেশের বিনিয়োগের তুলনায় অনেক বেশি থাকবে।
বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় কারখানা স্থাপনে বড় অঙ্কের বিনিয়োগ করছে। তবে তাইওয়ানের অবস্থান হলো, বৈশ্বিক বিনিয়োগ থাকলেও সেমিকন্ডাক্টর শিল্পের মূল ভিত্তি দ্বীপ রাষ্ট্রেই অটুট থাকবে।
সিএ/এমআর


