মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে রাশিয়া। দেশটির দাবি, তাদের উদ্ভাবিত নতুন প্লাজমা ইঞ্জিন ব্যবহার করে মাত্র এক মাসেই মঙ্গল গ্রহে পৌঁছানো সম্ভব হবে। যেখানে বর্তমানে প্রচলিত প্রযুক্তিতে মঙ্গলে যেতে সময় লাগে প্রায় আট মাস।
আমেরিকান বিজ্ঞান ও প্রযুক্তি সাময়িকী পপুলার মেকানিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাসায়নিক রকেটের যুগ পেরিয়ে বিশ্ব এখন প্লাজমা প্রপালশনের দিকে এগোচ্ছে। এ ধরনের ইঞ্জিন জ্বালানিকে আয়নিত করে চৌম্বকক্ষেত্রের মাধ্যমে প্রচণ্ড গতিতে নিক্ষেপ করে থ্রাস্ট তৈরি করে।
নাসা ইতোমধ্যে পালস প্লাজমা রকেট এবং ভ্যারিয়েবল স্পেসিফিক ইমপালস ম্যাগনেটোপ্লাজমা রকেট প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। এসব প্রযুক্তি ব্যবহার করলে মঙ্গলে পৌঁছানোর সময় কমে ৪৫ থেকে ৬০ দিনে নামিয়ে আনা সম্ভব বলে মনে করা হচ্ছে।
এই দৌড়ে সর্বশেষ সংযোজন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের তৈরি ম্যাগনেটোপ্লাজমা অ্যাক্সিলারেটর। এ ইঞ্জিন প্রতি সেকেন্ডে ১০০ কিলোমিটার পর্যন্ত গতি দিতে সক্ষম এবং এর পাওয়ার আউটপুট ৩০০ কিলোওয়াট। রোসাটমের দাবি, বর্তমানে অন্য কোনো প্রযুক্তিতে এমন সক্ষমতা নেই।
রাশিয়ার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এই ইঞ্জিনের কার্যকর সংস্করণ তৈরি করা। তবে দেশটির মহাকাশ শিল্পের বর্তমান অবস্থা বিবেচনায় এই লক্ষ্য বাস্তবায়ন নিয়ে সংশয়ও রয়েছে। তবুও বিশেষজ্ঞরা বলছেন, প্লাজমা ইঞ্জিন প্রযুক্তি মানব মহাকাশ অভিযানে বিপ্লব ঘটাতে পারে।
সিএ/এমআর


