ইসলামের ইতিহাসে কিছু সাহাবির জীবন ও ত্যাগ বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তাদের মধ্যেই অন্যতম সাদ ইবনে মুয়াজ (রা.), যার শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল বলে হাদিসে উল্লেখ রয়েছে।
মক্কায় ইসলাম প্রচারের সময় নবীজি (সা.) হজ মৌসুমে বিভিন্ন গোত্রের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতেন। এক পর্যায়ে মদিনার খাযরাজ গোত্রের কয়েকজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন এবং পরে তারা নিজ এলাকায় ইসলামের বার্তা প্রচার শুরু করেন।
এর ধারাবাহিকতায় আকাবার বায়আতের মাধ্যমে মদিনায় ইসলামের বিস্তার ঘটে। নবীজি (সা.) মুসআব ইবনে ওমায়েরকে (রা.) মদিনায় পাঠান কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তার প্রচেষ্টায় মদিনার প্রভাবশালী নেতা সাদ ইবনে মুয়াজ (রা.) ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর তিনি নিজের গোত্রের সবাইকে ইসলামের দাওয়াত দেন এবং অল্প সময়ের মধ্যেই পুরো গোত্র ইসলাম গ্রহণ করে। এতে মদিনায় ইসলামের বিস্তার দ্রুত ত্বরান্বিত হয়।
পরবর্তীতে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বদরের যুদ্ধে নবীজির (সা.) প্রতি তার দৃঢ় সমর্থন মুসলিমদের সাহস জোগায়। ওহুদের যুদ্ধেও তিনি নবীজির পাশে থেকে দায়িত্ব পালন করেন।
খন্দকের যুদ্ধে আহত হওয়ার পর কিছুদিন চিকিৎসাধীন থেকে তিনি শাহাদাত বরণ করেন। হাদিসে বর্ণিত আছে, তার শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল এবং অসংখ্য ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেন।
তার জীবন থেকে আত্মত্যাগ, দৃঢ়তা এবং ঈমানের শক্তির শিক্ষা পাওয়া যায়, যা মুসলমানদের জন্য অনুকরণীয়।
সিএ/এমআর


