ইসলামের শিক্ষায় আল্লাহর রহমত লাভের বিভিন্ন পথের কথা কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। একজন মুমিনের জীবনে এসব আমল গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বিবেচিত হয়।
সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনকে রহমত লাভের অন্যতম উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দয়াশীলদের ওপর আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যাতে আকাশের মালিকও তোমাদের প্রতি দয়া করেন’। (আবু দাউদ: ৪৯৪১)
ফরজ ইবাদত যথাযথভাবে পালন করাও আল্লাহর দয়া পাওয়ার মূল চাবিকাঠি। আল্লাহ বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো।’ (সূরা নূর-আয়াত: ৫৬)
নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমল করা, তাকওয়া অবলম্বন করা এবং কোরআন তেলাওয়াত ও শ্রবণ করাও রহমত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী।’ (আ’রাফ-আয়াত: ৫৬)
এছাড়া দ্বীনি কাজে কষ্ট স্বীকার করা, সুন্নাহ অনুসরণ করা এবং ইস্তেগফার করা আল্লাহর দয়ার দরজা উন্মুক্ত করে। নবী সালেহ (আ.) তাঁর সম্প্রদায়কে বলেছিলেন, ‘কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না? যেন তোমাদেরকে রহমত করা হয়?’ (সূরা নামল-আয়াত: ৪৬)
সবশেষে আল্লাহর কাছে রহমত লাভের জন্য দোয়া করা জরুরি। ‘رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً’ (সূরা কাহাফ- আয়াত: ১০) নিয়মিত পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সিএ/এমআর


