খুলনার কয়রায় কপোতাক্ষ নদীর পূর্ব তীরে অবস্থিত ‘মসজিদকুড় মসজিদ’ দক্ষিণ বাংলার প্রাচীন ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পঞ্চদশ শতকে হজরত খানজাহান আলীর নেতৃত্বে ইসলাম প্রচারের অংশ হিসেবে এটি নির্মিত হয়।
মসজিদটি বর্গাকার, চার কোণায় উঁচু গোলাকার বুরুজ, খিলানযুক্ত তিনটি প্রবেশপথ এবং তিনটি মেহরাব সমন্বিত। অভ্যন্তরে চারটি প্রস্তর-স্তম্ভ ছাদকে ধারণ করে, যার ওপর নয়টি সমান বর্গক্ষেত্রে গম্বুজ স্থাপিত। মাঝের গম্বুজটি তুলনামূলকভাবে বড়।
মসজিদটি পরিত্যক্ত হওয়ার পর জঙ্গল ও নদীর পলিমাটির নিচে চাপা পড়ে। ১৯৪৭ সালে স্থানীয়রা পুনরায় আবিষ্কার করে মাটির নিচ থেকে উদ্ধার করে। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতরের তত্ত্বাবধানে সংরক্ষিত। প্রতিদিন বহু দর্শনার্থী ও ধর্মপ্রাণ মুসল্লি মসজিদটি দেখতে আসেন।
স্থানীয়রা মনে করেন পর্যাপ্ত প্রচারণা ও পর্যটন সুযোগ থাকলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে পারে।
সিএ/এমআর


