দাওরায়ে হাদিস দরসে নেজামির সর্বোচ্চ স্তর হওয়ায় এই পর্যায়ের পড়াশোনায় পরিকল্পনা ও শৃঙ্খলার গুরুত্ব অত্যন্ত বেশি। সীমিত সময়ের মধ্যে বিস্তৃত নেসাব শেষ করতে হলে শুরু থেকেই সুসংগঠিত প্রস্তুতির বিকল্প নেই।
এই স্তরের শিক্ষার্থীদের প্রথমেই নিজের অবস্থান সম্পর্কে সচেতন হতে হয়। এটি উচ্চতর শিক্ষার সমতুল্য হওয়ায় আচরণ, চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে পরিপক্বতার প্রতিফলন থাকা প্রয়োজন। একই সঙ্গে নিজের শিক্ষাগত সক্ষমতা নির্ণয় করে সেই অনুযায়ী অগ্রগতির চেষ্টা করা জরুরি।
প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ জমে থাকা কাজ পরবর্তীতে চাপ তৈরি করে এবং শেখার মান কমিয়ে দেয়। তাই সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন অপরিহার্য।
নিয়মিত দরসে উপস্থিতি ও মনোযোগ সহকারে পাঠ গ্রহণও গুরুত্বপূর্ণ। দরস থেকে প্রাপ্ত জ্ঞানই পরীক্ষার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদা খাতায় নোট করে রাখলে পরবর্তী সময়ে প্রস্তুতি সহজ হয়।
শিক্ষার্থীদের জন্য বাংলা নোট বা গাইডের ওপর নির্ভরতা কমিয়ে মূল কিতাব আয়ত্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আরবিতে উত্তর লেখার অভ্যাস গড়ে তুলতে বলা হয়েছে, যা ভালো ফলাফলে সহায়ক।
সর্বোপরি, ইলম অর্জনের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন, নৈতিকতা বজায় রাখা এবং নিয়মিত দোয়া করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সিএ/এমআর


