রমজান মাসে রোজা পালনের পাশাপাশি সদাকাতুল ফিতর আদায় ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। এটি রোজার সময় সংঘটিত ভুল-ত্রুটি সংশোধনের পাশাপাশি দরিদ্র মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হাদিসে উল্লেখ রয়েছে, ‘রাসূল সা. সদাকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন– অর্থহীন, অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয় তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার জোগানোর জন্য’। (আবু দাউদ, ১/২২৭)
যেসব মুসলমানের কাছে নেসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের ওপর ফিতরা আদায় করা ওয়াজিব। নারী-পুরুষ উভয়ের জন্য এই বিধান প্রযোজ্য। তবে পুরুষদের ওপর নিজের পাশাপাশি নাবালেগ সন্তানদের ফিতরা আদায়ের দায়িত্বও বর্তায়।
ফিতরা আদায়ের সময় শুরু হয় ঈদুল ফিতরের দিনের ফজরের পর থেকে। তবে রমজান মাসেও আগেভাগে তা আদায় করা যায়। ঈদের নামাজের আগে ফিতরা প্রদান করলে পূর্ণ সওয়াব পাওয়া যায়।
খাদ্যদ্রব্যের পাশাপাশি অর্থ দিয়েও ফিতরা আদায়ের বিধান রয়েছে। ইসলামের বিভিন্ন যুগে অর্থের মাধ্যমে ফিতরা প্রদানের নজির পাওয়া যায়। নির্ধারিত পরিমাপ অনুযায়ী গম, যব, খেজুর, কিসমিস বা পনিরের ভিত্তিতে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়।
সামর্থ্যবানদের জন্য উচ্চ হারে ফিতরা প্রদানকে উৎসাহিত করা হয়েছে, যাতে সমাজের অসহায় মানুষরা বেশি উপকৃত হতে পারে।
সিএ/এমআর


