অনেকেই ভবিষ্যতে বসতবাড়ি নির্মাণের জন্য জমি কেনার উদ্দেশ্যে দীর্ঘদিন টাকা সঞ্চয় করেন এবং সেই সঞ্চিত টাকার জাকাতও নিয়মিত আদায় করে থাকেন। কিন্তু জমি কেনার পর সেই জমির মূল্যের ওপর জাকাত দিতে হবে কি না—এ বিষয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে।
শরিয়তের বিধান অনুযায়ী, যদি কোনো জমি ব্যবসার উদ্দেশ্যে কেনা না হয়, বরং ব্যক্তিগত প্রয়োজনে যেমন বসতবাড়ি নির্মাণের জন্য কেনা হয়, তাহলে ওই জমির মূল্যের ওপর জাকাত ফরজ নয়। কারণ জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হলো সম্পদটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া।
হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন—
لَيْسَ فِي الْعُرُوضِ زَكَاةٌ، إِلاَّ عُرْضٍ فِي تِجَارَةٍ، فَإِنَّ فِيهِ زَكَاةً.
অর্থাৎ কোনো পণ্যের ওপর জাকাত নেই, যদি তা ব্যবসার জন্য না হয়। তবে ব্যবসার উদ্দেশ্যে হলে তার ওপর জাকাত ফরজ হয়।
ফিকহবিদদের সর্বসম্মত মত অনুযায়ীও ব্যবসার উদ্দেশ্য ছাড়া কেনা জমির ওপর জাকাত প্রযোজ্য নয়। তবে পরবর্তীতে যদি সেই জমি বিক্রির নিয়তে রাখা হয় বা ব্যবসার সম্পদে পরিণত করা হয়, সে ক্ষেত্রে জাকাতের বিধান ভিন্ন হবে।
সুতরাং বসতবাড়ি নির্মাণ বা ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা জমির ওপর জাকাত আদায় করা আবশ্যক নয়। তবে জাকাত সংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের পরিস্থিতি অনুযায়ী আলেমদের সঙ্গে পরামর্শ করা উত্তম।
সিএ/এমআর


