সালাতুত তাসবিহ একটি বিশেষ নফল নামাজ, যার মাধ্যমে গুনাহ মাফের আশা করা হয়। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে জানা যায়, হজরত রাসুলুল্লাহ (সা.) তাঁর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রা.)-কে এই নামাজের ফজিলত ও নিয়ম সম্পর্কে অবহিত করেন।
এই নামাজ চার রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়তে হয়। কেরাত শেষ করার পর দাঁড়ানো অবস্থায় ১৫ বার ‘সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ পড়তে হয়। এরপর রুকুতে গিয়ে ১০ বার, রুকু থেকে উঠে আবার ১০ বার এবং সিজদায় গিয়ে ১০ বার এই তাসবিহ পাঠ করতে হয়।
সিজদা থেকে উঠে বসা অবস্থায় ১০ বার পড়ার পর আবার সিজদায় গিয়ে আরও ১০ বার পড়তে হয়। এরপর সিজদা থেকে উঠে দাঁড়িয়ে এক রাকাতে মোট ৭৫ বার তাসবিহ সম্পন্ন হয়। একই নিয়মে চার রাকাত নামাজ আদায় করতে হয়।
দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য বসার সময় তাসবিহ ১০ বার পড়ে এরপর তাশাহুদ পড়তে হয়। তৃতীয় ও চতুর্থ রাকাতেও একই নিয়ম অনুসরণ করতে হয়। কেউ ভুলে গেলে পরবর্তী রুকনে স্মরণ আসার সঙ্গে সঙ্গে বাকি তাসবিহ আদায় করে নিতে পারবেন।
এই নামাজ প্রতিদিন আদায় করা উত্তম। প্রতিদিন সম্ভব না হলে প্রতি জুমাবারে, তা-ও সম্ভব না হলে মাসে একবার এবং তাও সম্ভব না হলে জীবনে অন্তত একবার পড়ার কথা বলা হয়েছে।
সিএ/এমআর


