ইসলাম মানুষের ব্যক্তিগত চরিত্র, সামাজিক আচরণ এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই ন্যায়নীতি ও নৈতিকতার নির্দেশনা দিয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানুষের ইজ্জত, সম্মান ও চরিত্র রক্ষা করা। ইসলামী শরিয়তে অন্যের চরিত্রহনন, অপবাদ ও গিবত করা কঠোরভাবে নিষিদ্ধ। দুঃখজনক হলেও সত্য, বর্তমান নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষকে হেয় করার জন্য চরিত্রহননকে কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা ইসলামের দৃষ্টিতে মারাত্মক পাপ।
চরিত্রহনন গুরুতর পাপ
মানুষের মানসম্মান নষ্ট করা এবং চরিত্রহনন করা গুরুতর পাপ। কোরআন ও হাদিসে এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
১. অন্যের দোষ অন্বেষণ নিষিদ্ধ: আল্লাহ বলেছেন, ‘হে মুমিনরা! তোমরা অধিক অনুমান করা থেকে দূরে থাকো… তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?…’ (সুরা: হুজুরাত, আয়াত: ১২)। নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থীর ওপর ভিত্তিহীন অভিযোগ ও ব্যক্তিগত নিন্দা দেওয়া উচিত নয়।
২. ভিত্তিহীন অভিযোগ নয়: ইসলাম মানুষকে মিথ্যা অভিযোগ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, ‘যারা মুমিন পুরুষ ও নারীদের পীড়া দেয় এমন কোনো অপরাধের জন্য যা তারা করেনি, তারা অপবাদের বোঝা বহন করে।’ (সুরা: আহজাব, আয়াত: ৫৮)
৩. অহেতুক সমালোচনা নয়: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘গিবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা, যা সে অপছন্দ করে… যদি না থাকে, তবে তুমি তার ওপর অপবাদ আরোপ করলে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮৯)
৪. কথার আঘাতও পাপ: ‘মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ১০)। নির্বাচনী প্রচারণায় কটূক্তি ও অপপ্রচার এ হাদিসের পরিপন্থী।
৫. প্রতিপক্ষ নয়, প্রতিযোগী: ইসলাম দুজন মুসলিম প্রার্থীকে প্রতিপক্ষ নয়, বরং প্রতিযোগী হিসেবে দেখার শিক্ষা দেয়। তারা জনসেবা ও মানবকল্যাণে সৎ প্রতিযোগিতা করবে। আল্লাহ বলেন, ‘সৎকাজে তোমরা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করো।’ (সুরা: বাকারা, আয়াত: ১৪৮)
৬. ভিত্তিহীন তথ্য প্রচার নিষিদ্ধ: কোনো তথ্য সমাজে ছড়ালে তা সত্য না হলেও ক্ষতি করতে পারে। আল্লাহ বলেন, ‘যখন তারা এটা শুনল, তখন মুমিনরা এটি সুস্পষ্ট অপবাদ মনে করল না।’ (সুরা: নুর, আয়াত: ১২)
নয় মিথ্যা প্রশংসাও
নির্বাচনী প্রচারণায় নিজ পক্ষের প্রার্থীকে মিথ্যা প্রশংসা করা বা প্রকাশ্য পাপাচারে লিপ্ত থাকলেও প্রশংসা করা যাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পরস্পরের অতি প্রশংসা (চাটুকারিতা) থেকে বেঁচে থাকো। কেননা তা হত্যাতুল্য।’ (ইবনে মাজাহ, হাদিস: ৩৭৪৩)
দোষ প্রকাশের দায়িত্ব রাষ্ট্রের
জনগণ ক্ষতিগ্রস্ত না হওয়ার আশঙ্কায় নিজে দোষ প্রকাশ না করে যথাযথ কর্তৃপক্ষকে জানানো উচিত। কোরআন ইঙ্গিত দেয়, সত্যতা যাচাই করা ছাড়া খবর ছড়ানো থেকে বিরত থাকা প্রয়োজন। (সুরা: নিসা, আয়াত: ৮৩)
উপসংহার
নির্বাচনী প্রচারণায় অন্যকে আঘাত না করে প্রার্থীর উচিত নিজের যোগ্যতা, কর্মসূচি ও আদর্শ জনগণের সামনে তুলে ধরা। চরিত্রহননের রাজনীতি সমাজে বিভেদ, হিংসা ও অবিশ্বাস সৃষ্টি করে এবং দেশের পরিবেশকে কলুষিত করে। আল্লাহ সবাইকে দ্বিনের সঠিক বুঝদার করুন। আমিন।
সিএ/এমআর


