পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের জনপ্রিয় খাবার শিনওয়ারি কিমা করাই এখন সহজেই ঘরে তৈরি করা সম্ভব। সাধারণ উপকরণ, টাটকা টমেটো এবং গরুর কিমা দিয়ে তৈরি এই পদটি ঝাল, সুগন্ধি ও টক স্বাদের অনন্য সমন্বয়ে ভরপুর।
এই রান্নার জন্য প্রয়োজন গরুর কিমা ৭৫০ গ্রাম, আদা-রসুন বাটা আধা টেবিল চামচ, লবণ স্বাদমতো, আধা কাপ রান্নার তেল, মাঝারি আকারের ৪-৫টি টমেটো, ৫-৬টি কাঁচা মরিচ, এক-তৃতীয়াংশ কাপ টক দই, আধা চা-চামচ কালো গোলমরিচ গুঁড়া, কাসুরি মেথি, আদা কুচি ও ধনেপাতা।
প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে কিমা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। মাঝারি আঁচে কিমার রং পরিবর্তন হলে এতে আদা-রসুন বাটা ও লবণ মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর টমেটো দিয়ে ঢেকে কম আঁচে রান্না করতে হবে, যাতে টমেটো নরম হয়ে যায়।
পরে টমেটোর খোসা তুলে কিমার সঙ্গে চটকে মিশিয়ে নিতে হবে। এরপর কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে ফেটানো দই যোগ করতে হবে। রান্নার একপর্যায়ে তেল আলাদা হয়ে উপরে উঠলে তাতে গোলমরিচ গুঁড়া ও কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়তে হবে।
শেষে উচ্চ আঁচে অল্প সময় রান্না করে আদা কুচি ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে। গরম গরম এই শিনওয়ারি কিমা করাই নান বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে।
সিএ/এমআর


