মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনা বিশ্ববাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজার ছাড়িয়ে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়েও পড়তে পারে, এমনকি বিদ্যুৎ বিলেও।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ নির্ভর করে আমদানিকৃত তেল ও এলএনজির ওপর। হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যেতে পারে, যার ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচও বৃদ্ধি পায়।
এছাড়া এলএনজি সরবরাহেও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এই রুটে কোনো বিঘ্ন ঘটলে বিকল্প উৎস থেকে বেশি দামে জ্বালানি আমদানি করতে হতে পারে, যা সরাসরি বিদ্যুতের খরচে প্রভাব ফেলবে।
অনেক সময় সরকার সরাসরি বিদ্যুতের দাম না বাড়িয়ে ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়। তবে দীর্ঘমেয়াদে ভর্তুকির চাপ বাড়লে বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দিতে পারে।
জ্বালানির মূল্যবৃদ্ধি শুধু বিদ্যুৎ নয়, পরিবহন ও শিল্পখাতেও প্রভাব ফেলে। ফলে সামগ্রিকভাবে মূল্যস্ফীতি বাড়ে, যা পরোক্ষভাবে বিদ্যুৎ ব্যবহারের খরচ বাড়িয়ে দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি বড় ধরনের বিঘ্ন না ঘটলে তাৎক্ষণিক বড় প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে উত্তেজনা স্থায়ী হলে ধাপে ধাপে এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হতে পারে।
সিএ/এমআর


