জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট অনেকেই লক্ষ্য করেছেন। আকারে ছোট হওয়ায় এতে সাধারণত খুচরা টাকা বা ছোটখাটো জিনিস রাখা হয়। তবে বেশিরভাগ মানুষই জানেন না এই পকেটটির আসল উদ্দেশ্য কী ছিল।
ইতিহাস ঘেঁটে জানা যায়, উনিশ শতকে এই ছোট পকেটের প্রচলন শুরু হয়। সে সময় কাউবয়রা জিন্স প্যান্ট ব্যবহার করতেন এবং তাদের সঙ্গে থাকত চেইনযুক্ত পকেট ঘড়ি। তখন হাতঘড়ির ব্যবহার তেমন জনপ্রিয় ছিল না।
কাউবয়দের কাজের ধরন ছিল বেশ কষ্টসাধ্য। ঘোড়ায় চড়া বা পশু সামলানোর সময় পকেট ঘড়ি পড়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকত। তাই ঘড়িকে নিরাপদ রাখতে জিন্সে ছোট ও গভীর একটি পকেট যুক্ত করা হয়।
এই পকেটে চেইনসহ ঘড়ি রেখে কোমরের বেল্টের সঙ্গে আটকে রাখা যেত, ফলে কাজের সময়ও তা সুরক্ষিত থাকত।
সময়ের সঙ্গে পকেট ঘড়ির ব্যবহার কমে গেলেও জিন্সের নকশায় ঐতিহ্য হিসেবে এই পকেটটি রয়ে গেছে। বর্তমানে এটি ছোটখাটো জিনিস রাখার কাজে ব্যবহার হলেও এর মূল উদ্দেশ্য ছিল ঘড়ি সংরক্ষণ।
সিএ/এমআর


