ঈদের দিন পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ভিন্ন স্বাদের খাবার পরিবেশন করতে অনেকেই নতুন নতুন রেসিপি খোঁজেন। তেমনই একটি সহজ ও সুস্বাদু পদ হতে পারে মুরগির কিউব বাইট। এটি তৈরি করা তুলনামূলক সহজ এবং দুপুর কিংবা রাতের দাওয়াতে পরিবেশনের জন্য বেশ উপযোগী।
এই খাবার তৈরির জন্য প্রয়োজন হাড় ছাড়া মুরগির কিউব প্রায় ৮০০ গ্রাম, পানি ঝরানো দই ১ কাপ, রসুনবাটা ১ টেবিল চামচ, পাপরিকা ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব ১ কাপ এবং স্বাদমতো লবণ।
প্রথমে একটি পাত্রে মুরগির কিউবের সঙ্গে দই, রসুনবাটা, পাপরিকা, গোলমরিচ, লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি প্রায় দুই ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে, যাতে মসলা ভালোভাবে মুরগির মধ্যে মিশে যায়।
ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। এরপর ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আগে থেকে গরম করা ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে।
বেক করার পর ওপর থেকে হালকা করে মাখন ব্রাশ করে আরও প্রায় পাঁচ মিনিট গ্রিল করলে খাবারটির ওপরের অংশ হবে মচমচে ও ভেতরে থাকবে নরম। প্রস্তুত মুরগির কিউব বাইট গার্লিক মেয়নেজ অথবা স্পাইসি ডিপের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়ে।
সিএ/এমআর


