ঈদের দুপুর বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদের পদ রাখতে চাইলে তৈরি করতে পারেন বিফ পেশোয়ারি পর্দা। মসলাদার কিমা ও রুটির সংমিশ্রণে তৈরি এই পদটি অতিথি আপ্যায়নে আনতে পারে নতুনত্ব। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা।
প্রথমে এক কাপ পেঁয়াজকুচি, তিন টেবিল চামচ ঘি, ৫০০ গ্রাম গরুর মাংসের কিমা, এক টেবিল চামচ আদা-রসুনবাটা, আধা কাপ দই, দুই টেবিল চামচ কাজুবাদামবাটা এবং এক চা-চামচ গরমমসলা প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি চার থেকে পাঁচটি পরোটা বা রুমালি রুটি প্রয়োজন হবে।
প্রণালিতে কড়াইয়ে ঘি গরম করে পেঁয়াজ ভেজে নিতে হবে। এরপর কিমা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আদা-রসুনবাটা, দই ও কাজুবাটা দিয়ে কষাতে হবে যতক্ষণ না মিশ্রণটি শুকিয়ে আসে। শেষে গরমমসলা দিয়ে নামিয়ে নিতে হবে।
এরপর পরোটা বা রুটির মাঝখানে কিমা রেখে পুঁটলির মতো মুড়িয়ে নিতে হবে। ওপরে হালকা ঘি ব্রাশ করে ওভেনে ১০ মিনিট বেক করলে প্রস্তুত হবে বিফ পেশোয়ারি পর্দা।
সিএ/এমআর


