বসন্তের আগমনে প্রকৃতির রঙের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন হাউসগুলোও তাদের নতুন কালেকশন সাজিয়েছে। ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ছেলেদের পোশাকে এবার প্রাধান্য পেয়েছে আরামদায়ক কাপড়, হালকা রং ও মিনিমাল নকশা।
পাঞ্জাবি এখনো ছেলেদের উৎসবের পোশাকের শীর্ষে। আবহাওয়ার কথা বিবেচনায় রেখে কটন ও লিনেনের মিশ্রণে তৈরি পাঞ্জাবি এনেছে বিভিন্ন ফ্যাশন হাউস। এসব পোশাক একদিকে যেমন আরামদায়ক, তেমনি দীর্ঘ সময় পরলেও স্বস্তি দেয়। নকশায় কোথাও সূক্ষ্ম এমব্রয়ডারি, কোথাও প্রিন্টের ব্যবহার দেখা যাচ্ছে।
রঙের ক্ষেত্রে উজ্জ্বল লাল ও মেরুনের পাশাপাশি রাখা হয়েছে বেইজ, বাদামি ও সোনালির মতো স্নিগ্ধ রং। অনেক ফ্যাশন হাউস বসন্ত ও ভালোবাসা দিবস—দুটো উৎসব মাথায় রেখে তাদের কালেকশন সাজিয়েছে। পাঞ্জাবির পাশাপাশি ফতুয়া ও টি-শার্টও রয়েছে ছেলেদের পোশাকের তালিকায়।
এবারের বসন্তে ক্যাজুয়াল পোশাকেও এসেছে নতুনত্ব। ফুল স্লিভ ও হাফ স্লিভ শার্ট, পোলো ও টি-শার্টে মিনিমাল গ্রাফিক ও থিমেটিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। ড্রপ শোল্ডার টি-শার্ট ও একরঙা নকশা তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
কিছু ফ্যাশন হাউস নতুন ট্রেন্ড হিসেবে কাতোয়া এনেছে, যা পাঞ্জাবি বা ফতুয়ার বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। সেমি ফরমাল ও ক্যাজুয়াল এই পোশাকগুলোতে স্ট্রাইপড প্রিন্ট ও প্যাচওয়ার্কের ব্যবহার রয়েছে। পোশাকগুলোর দাম সাধারণত মাঝারি পর্যায়ের রাখা হয়েছে, যাতে উৎসবের পাশাপাশি বিভিন্ন সময়েও ব্যবহার করা যায়।
সিএ/এমআর


