চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক পেজে একটি স্ক্রিনশট প্রকাশ করে বিনোদন মহলে সরগরম সৃষ্টি করেছেন। পোস্টে শোবিজের ১৫ জন নায়িকার নাম উঠে এসেছে, যা নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) জয় ভেরিফায়েড ফেসবুকে স্ক্রিনশটে এই নায়িকাদের নামের তালিকা প্রকাশ করেন। তালিকায় রয়েছে বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিন, জয়া আহসান, পরীমণি, নুসরাত ইমরোজ তিশা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী, আজমেরি হক বাঁধন, পূর্ণিমা, পূজা চেরি, সাফা কবির, মেহজাবিন, তানজিন তিশা এবং শবনম ফারিয়া।
স্ক্রিনশটের ক্যাপশনে জয় লিখেছেন, “বাজারে আসা বিশাল বড় কোম্পানির একটি প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য নিম্নলিখিত শিল্পীদের নেয়ার ব্যাপারে তালিকা পাঠিয়েছে। এই তালিকাটি তারা অনেক গবেষণা করে পাঠিয়েছে।” তিনি আরও যোগ করেছেন, “তালিকাটি দেখে আমিও জেনে নিলাম সত্যিকারের চাহিদা সম্পন্ন নায়িকা কারা কারা। এর ভেতর নতুন পুরাতন মিলিত আছে। হয়তো চাহিদা সম্পন্ন আরও দুই একজন বাদ পড়েছে। কিন্তু বুঝে নেবার জন্য যথেষ্ট।”
১৯৯৭ সালে টেলিভিশন মাধ্যমে ক্যারিয়ার শুরু করা শাহরিয়ার নাজিম জয় মডেলিং, সিনেমা, বিজ্ঞাপন ও অনুষ্ঠান উপস্থাপনায় নিয়মিত দেখা যায়। বর্তমানে তিনি ‘পাপকাহিনি সিজন ২’ নির্মাণের কাজে ব্যস্ত রয়েছেন।
সিএ/এসএ


