মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে নানা আয়োজন চলছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছেন। দেশের স্বাধীনতা ও মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণ করেছেন শোবিজ তারকারাও।
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি প্রতীকী ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,
‘মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করে শহীদদের স্মরণ করেছেন।
দুই বাংলার খ্যাতিমান চিত্রনায়িকা জয়া আহসান এক স্ট্যাটাসে লিখেছেন,
‘২১শে ফেব্রুয়ারি, দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্র গন্ধ। মনে হয়, মাটির খুব গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে ভাষাকে ভালোবাসো।’
জয়ার ভাষ্য মতে, ভাষা শুধু উচ্চারণ নয়, বরং মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। সালাম, বরকত, রফিক, জব্বার—এ নামগুলো উচ্চারণ করলেই বুকের ভেতর গভীর হাহাকার জেগে ওঠে। শহীদরা শুধু জীবিত নন, তারা বাঙালির সাহসের প্রতীক। এই আত্মত্যাগের ভাষা বিশ্বজনীন, যা কোনো সীমান্ত চিনে না।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। চিত্রনায়িকা মুনমুনও নিজের জীবনের গল্পের মাধ্যমে ভাষার প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন। মুনমুন জানিয়েছেন, বয়স বাড়ার আগে ইংরেজি ও উর্দু শেখার প্রতি আগ্রহ ছিল, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের মাতৃভাষায় কথা বলার আনন্দ বোঝা গেছে। তার মতে, অন্যের ভাষা বলতে পারার মধ্যে কোনো বাহাদুরি নেই, নিজের ভাষার সৌন্দর্য ও অনুভূতির কোনো বিকল্প নেই।
সিএ/এসএ


