ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকারের সূচনালগ্নে চলচ্চিত্র শিল্পের সংস্কার ও উন্নয়নের বিষয়ে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। এক সাক্ষাৎকারে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বচ্ছতা এবং শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন।
শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রসঙ্গে বলেন, বিচারপ্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতা থেকে মুক্ত একটি জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাইরের হস্তক্ষেপ রোধ করতে কঠোর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
প্রকৃত মেধাবীদের উৎসাহ দিতে চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছ কমিটি গঠন, অনলাইন স্কোরিং পদ্ধতি চালু এবং পাবলিক রিপোর্ট প্রকাশের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া দেশের প্রেক্ষাগৃহ সংকট কাটাতে স্বল্পসুদে ঋণ, করছাড় ও পুনর্গঠন তহবিল গঠনের মাধ্যমে আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণের প্রস্তাবও দিয়েছেন। নতুন প্রেক্ষাগৃহ নির্মাণে ভ্যাট ও ট্যাক্স ছাড়, জমি লিজে বিশেষ সুবিধা এবং প্রজেকশন ও সাউন্ড যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর বিষয়ও তিনি উল্লেখ করেছেন।
শাকিব খানের মতে, প্রেক্ষাগৃহকে শুধু সিনেমা প্রদর্শনের স্থান নয়, বরং বহুমুখী সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত। সেখানে নিয়মিত চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক আয়োজন আয়োজন করা যেতে পারে। একই সঙ্গে সরকারকে ঝামেলামুক্ত, পেশাদার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।
সিএ/এসএ


