মাদ্রাসা শিক্ষা অধিদফতর রোববার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি মাদ্রাসায় শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দেশনা অমান্য করলে এমপিও সুবিধা বন্ধ হবে।
এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে অতীতে সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিয়ে আসছিল। তবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন নীতিমালার আলোকে এখন থেকে এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদেও নিয়োগ দিতে হলে নির্ধারিত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ অনুসরণ না করলে সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা প্রদান করা হবে না।
সিএ/এসএ


