দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা সম্ভব হবে এবং এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান এ বছর বাজেটের অগ্রাধিকার পাবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “প্রায়োরিটি তো ট্যাক্স বাড়াতে হবে। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। দেশি-বিদেশি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমাদের একটি অন্যতম কর্মসূচি কর্মসংস্থান। বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়বে।”
পরিদর্শনকালে মন্ত্রী বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২-এর পশ্চিম পার্শ্বে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে পরীক্ষা করেন। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
এসময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয়, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সিএ/এসএ


