মানিকগঞ্জে চলতি বছর গাজরের বাম্পার ফলন হয়েছে। ভালো বাজারমূল্য পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এই গাজর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
সরজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের মাঠের পর মাঠে গাজর তোলার ধুম চলছে। কৃষকরা মাঠ থেকে গাজর তুলে বিক্রি উপযোগী করতে ব্যস্ত। সংসারের কাজের পাশাপাশি নারীরাও মাঠে এসে গাজর তুলছেন। এ কাজে তারা পুরো সময় ব্যয় করছেন।
চলতি বছরের বাম্পার ফলনের কারণে উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকরা দ্বিগুণ লাভের মুখ দেখছেন। একজন চাষি বলেন, “এবার গাজর খুব ভালো হয়েছে। গতবার ৬০-৭০ হাজার টাকার দাম পেয়েছিলাম, এবার আরও বেশি লাভ হচ্ছে।”
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাজাহান সিরাজ জানান, চলতি বছর কৃষকরা বাজারমূল্য ভালো পাওয়ায় সন্তুষ্ট। মাঠ পর্যায়ে কৃষকরা প্রতি কেজি গাজর ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন। তিনি আরও জানান, এটি মানিকগঞ্জের জন্য একটি ভালো সম্ভাবনা, আশা করা যায় কৃষকরা গাজর চাষ থেকে আরও উপকৃত হবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর মানিকগঞ্জে ৯০২ হেক্টর জমিতে গাজর চাষ করা হয়েছে।
সিএ/এসএ


