প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। আর এনসিপির প্রার্থী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় থেকে তিনি বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশ করে আসছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে পরাজয়ের পর আরও বেশি করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা ও মানহানিকর বক্তব্য ছড়াচ্ছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে মির্জা আব্বাস লক্ষ্য করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর মানহানিকর বক্তব্যের কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব বক্তব্য অত্যন্ত মানহানিকর এবং নিন্দনীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে একের পর এক বানোয়াট ও মিথ্যা বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের সুনাম এবং রাজনৈতিক জীবনে কালিমা লেপনের চেষ্টা করছেন। এই মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শিষ্টাচার লঙ্ঘন করা হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে ৫৯,৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। আর নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪,১২৭ ভোট।
সিএ/এমই


