পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন এবং সতর্ক করেছেন যে, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে ছাড় দেওয়া হবে না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে তিনি বলেন, প্রায় ৩০টির মতো স্থানে তাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হয়েছে, তাদের রক্তাক্ত করা হয়েছে এবং বাড়িঘর ও দোকানপাটে হামলা চালানো হয়েছে।
সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী সন্ত্রাসী কায়দায় এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা চাইছিলাম, নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক, তারা পুরনো রাজনৈতিক নোংরা সংস্কৃতি এবং প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুন্দর গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করবে। যে যেখানে রাজনীতি করতে চায়, সেই সেখানে অংশগ্রহণ করবে। কিন্তু বিজয়ী হয়ে প্রতিপক্ষকে থাকতে না দেওয়া, আক্রমণ করা, রক্তাক্ত করা, হুমকি দেওয়া— এগুলো স্বৈরাচারী চরিত্র।’
সারজিস বলেন, ‘বিএনপি যদি আবার নব্য স্বৈরাচারের পথে হাঁটে, তারা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের পতন অনিবার্য।’ তিনি আরও বলেন, ‘বিএনপি এক দিনে যা শুরু করেছে, তা যদি তারা চালিয়ে যায়, দুই বছরের বেশি টিকবে না।’
বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, ‘আপনারা কয়দিন আগেও ভুক্তভোগী ছিলেন, নির্যাতিত ছিলেন। একই চরিত্র দেখালে ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হবে। যদি আমাদের কাজে বাধা দেন, মিথ্যা মামলা দেন বা হুমকি-হয়রানি করেন, আমরা সীমা পর্যন্ত সহ্য করব, এরপর আর ছাড় দেওয়া হবে না।’
সিএ/এমই


