বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে।
এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ০৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসের এই মৃদু প্রবাহ দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ, যা মাঝারি মাত্রার আর্দ্রতা নির্দেশ করে। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সিএ/এএ


