বাংলা একাডেমি জানিয়েছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২০ ফেব্রুয়ারি থেকেই এবারের অমর একুশে বইমেলা শুরু হবে। পবিত্র রমজান মাসে মেলা আয়োজন হওয়ায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটি এ তথ্য নিশ্চিত করে। প্রকাশকরাও ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের দাবি তুলেছেন, তবে কমিটি তা যৌক্তিক নয় বলে জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলা একাডেমি দীর্ঘকাল ধরে একুশে উদ্যাপনের অংশ হিসেবে প্রকাশক ও অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে সমন্বয় করে ভাষাশহীদদের স্মরণে মাসব্যাপী বইমেলা ও অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশ। তবে অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব হয়নি।
কমিটির পক্ষ থেকে প্রকাশকদের অনুরোধ করা হয়, কিছুটা চ্যালেঞ্জ থাকলেও ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলায় অংশ নিতে এগিয়ে আসার জন্য।
সিএ/এমই


