আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান শুরু করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসীদের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট ইতিমধ্যেই দেশে পৌঁছেছে।
মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন। এছাড়া ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন। এই ব্যালটের মধ্যে ৬ হাজার ৪২টি ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও নির্বাচনী কমিশন পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন এবং ৭০ হাজার ৮১০ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৩ হাজার ৬৫৫টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরও জানিয়েছেন, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
সিএ/এএ


