তিন দফা দাবিতে ডাকা এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেডের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও সমিতির মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির কমিশন বৃদ্ধির যে দাবি ছিল, সে বিষয়ে কমিশন একমত হয়েছে। তিনি বলেন, বাকি দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চলবে।
এর আগে বৃহস্পতিবার সমিতির নেতাদের সঙ্গে বিইআরসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই কমিশন বৃদ্ধির বিষয়ে সমঝোতা হয়, যার পরপরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি।
উল্লেখ্য, গতকাল বুধবার রাতে সারাদেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি। এর প্রভাব পড়ে বৃহস্পতিবার সারাদিনে, যার ফলে বিভিন্ন এলাকায় এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দেয় এবং ভোক্তাদের ভোগান্তি বাড়ে।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির দাবির মধ্যে ছিল সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন এলপি গ্যাস সরবরাহ নিশ্চিত করা। ধর্মঘট প্রত্যাহারের ফলে স্বাভাবিক সরবরাহ ফেরার প্রত্যাশা করা হচ্ছে।
সিএ/জেএইচ


