রাজধানীর খিলগাঁও এলাকার গোড়ান টেম্পো স্ট্যান্ডের একটি সোনার দোকানে চুরি ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দোকানমালিকের দাবি, দোকান থেকে ৭০ ভরি সোনা, ১৫০ ভরি রুপা এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, গত রাত ১১টার পর থেকে আজ বৃহস্পতিবার ভোরের মধ্যে দোকানের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় এই সোনার দোকানটি অবস্থিত। দোকানের মালিক আমিরুল ইসলাম ওরফে মনা রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরের দিন সকালে পাশের দোকানের মালিকের মাধ্যমে খবর পেয়ে তিনি দোকানে আসেন এবং দেখেন পাশের দোকানের দেয়াল ভাঙা এবং তার দোকানের শাটার খোলা।
দোকানের ভেতরে ঢুকলে দেখা যায়, শোকেসে রাখা সোনা ও রুপার অলংকার এবং নগদ অর্থ সবই অদৃশ্য। ভেতরের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় ছিল। চুরির সময় দোকানে কোনো নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন না।
ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর আসামি শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় খিলগাঁও থানায় এখনও মামলা হয়নি।
সিএ/এমই


