চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন থেকে দুজনকে ধরা হয়। গ্রেপ্তারদের একজন নিহত নারীর ছেলে, আরেকজন পুত্রবধূ।
গ্রেপ্তার আসামিরা হলেন বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি এলাকার মোজাফফর আহমেদের ছেলে মো. কাশেম (২৮) এবং তাঁর স্ত্রী নারগিছ আক্তার (২৫)। নিহত রেহেনা বেগম (৬২) কাশেমের মা।
র্যাব জানায়, রেহেনা বেগম বড় ছেলে প্রবাসী মো. বেলাল, ছোট ছেলে কাশেম ও তাঁর স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। প্রবাসী ছেলে বেলাল মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য স্ত্রী নারগিছের মাধ্যমে কাশেমের কাছে টাকা পাঠাতেন। কিন্তু কাশেম সেই টাকা মায়ের কাছে না দিয়ে নিজের কাছে রাখতেন। এ নিয়ে প্রায়ই পারিবারিক বিরোধ লেগে থাকত।
এই বিরোধের জেরে গত বছরের ৫ জুন কাশেম ও তাঁর স্ত্রী নারগিছ মিলে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করেন। হত্যার পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন। নিহতের ভাই মো. মোক্তার আহমদ বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে চকরিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএ/এমই


