সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও সিএনজি রিফুয়েলিং স্টেশনের ধর্মঘট বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘটের পর আজ দুপুর থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।
এর আগে বুধবার রাত ১২টা থেকে সিলেটের সব ফিলিং স্টেশন বন্ধ করে ধর্মঘট শুরু হয়। এতে যানবাহনের চালকরা দুর্ভোগে পড়েন। বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। জ্বালানি না পাওয়ায় চালক ও স্টেশনকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে।
বৈঠকের পর বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকে ধর্মঘটের কারণ ও হয়রানির অভিযোগ তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘ডিপোতে বিজিবি, পাম্পে পুলিশ ও ট্যাগ অফিসার নিয়োগের কারণে অনেকে আতঙ্কে রয়েছেন। প্রশাসন না বুঝে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জরিমানা করছে।’
জুবায়ের আহমদ চৌধুরী আরও বলেন, ‘বৈঠকে ফলপ্রসূ আলাপ হয়েছে। প্রশাসন জানিয়েছে, অভিজ্ঞ কর্মকর্তারা অভিযান পরিচালনায় থাকবেন এবং কোনো হয়রানিমূলক ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা আশা করি, আগামী দিনে কোনো ঘটনা ঘটলে যৌথভাবে সেটি সমাধান করা হবে। আমরা সব ফিলিং স্টেশন চালু করার আহ্বান জানিয়েছি।’
সিএ/এমই


