লক্ষ্মীপুর – রায়পুরের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তরা খসে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার সময় ক্লাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে হুড়োহুড়ি করে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে আসে। শিক্ষকেরা দ্রুত এগিয়ে গিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুলটিতে মোট ৩৯৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। দুর্ঘটনা ঘটেছে ষষ্ঠ শ্রেণিতে, যেখানে ৯৭ জন শিক্ষার্থী আছে। প্রধান শিক্ষক মো. সেলিম জানান, “হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের একটি অংশের পলেস্তরা খসে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিক্ষকেরা দ্রুত আহতদের উদ্ধার করেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। ভবনটি নিরাপদ কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সিএ/এমই


