চাঁদপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও বিএনপি নেতার বাসায় অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান মঙ্গলবার এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন এবং ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন। তিন মামলায় তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না; তিনি নিজেই অভিযোগের বিষয়ে বক্তব্য দিয়ে দাবি করেছেন, তিনি কোনো ঘটনার সঙ্গে জড়িত নন।
মামলার তদন্ত কর্মকর্তারা হলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, উপপরিদর্শক নাদির শাহ্ ও উপপরিদর্শক নুরে আলম। তাঁরা আদালতে দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং বিচারক এটি মঞ্জুর করেন।
তদন্তকারীরা জানিয়েছেন:
- জিআর ৫৭৯: ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের বাসায় ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনায় ১ নম্বর আসামি দীপু মনি।
- জিআর ৫৭১: ২০২৪ সালের ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১ নম্বর আসামি দীপু মনি।
- জিআর ৫৮৫: একই দিনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সড়ক ভবনের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় ১ নম্বর আসামি দীপু মনি।
দীপু মনি আদালতে নিজ বক্তব্যে তিন মামলায় তাঁর জড়িত না থাকার দাবি জানিয়েছেন।
সিএ/এমই


