মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। ঘটনা ঘটে সকাল ৬টা ১০ মিনিটে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমসেরনগর স্টেশনের মধ্যবর্তী কালীপুর গ্রাম এলাকায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রম করার পর ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। চালক দ্রুত ট্রেনটি থামালে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। রেলওয়ের স্টেশনমাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ জানান, ইঞ্জিনের মবিল চুইয়ে পড়ার কারণে আগুন লেগেছে।
বিকল্প ইঞ্জিন কুলাউড়া থেকে পাঠানো হলে সকাল সোয়া নয়টার দিকে আটকে পড়া ট্রেন উদ্ধার হয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়। ভুক্তভোগী যাত্রীরা সকাল সাতটার মধ্যে ট্রেন ছাড়িয়ে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন। ট্রেনের যাত্রী মালেকা বেগম জানান, সকালভোরে ট্রেন আটকে পড়ায় ভোগান্তি হয়েছে এবং বর্তমানে ট্রেনে যাতায়াত বেশ সমস্যা হয়েছে।
সিএ/এমই


