রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও দুই শিশুকে ভর্তি করা হয়েছে। এর আগে হাসপাতালে ইতিমধ্যেই দুই শিশু চিকিৎসাধীন ছিলেন। এভাবে বর্তমানে চার শিশু আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং আলাদা কক্ষে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান আয়েশা সুলতানা জানিয়েছেন, উপসর্গ দেখা দেওয়া শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে, রংপুর জেলায় হামের কোনো প্রাদুর্ভাব নেই বলে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আট উপজেলায় সন্দেহভাজন ১২ শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে চারজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
রংপুর বিভাগে গত তিন মাসে হামে আক্রান্ত সন্দেহভাজন ১১৬ শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ছয় শিশুর হামের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং চার শিশুর রুবেলা ভাইরাস ধরা পড়েছে। হাম প্রতিরোধে সতর্কতা হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট একটি হামের কর্নার তৈরি করা হয়েছে। জেলা হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সগুলোতেও হামের বিশেষ কর্নার স্থাপন করা হচ্ছে। এমআর টিকার সংকট নেই বলে জানানো হয়েছে।
সিএ/এমই


