রংপুর বিভাগের ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। আজ রোববার সকাল আটটা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে দিনাজপুর জেলা পেট্রল পাম্প মালিক সমিতিও।
শ্রমিক ইউনিয়নের নেতাদের বরাতে জানা গেছে, গতকাল শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে একটি তেলবাহী লরি নীলফামারী যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। গাড়ির কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ এবং সহকারী রিফাত মেরামতের কাজ করছিলেন। এ সময় রাস্তায় লরিটি দাঁড়িয়ে থাকতে দেখে নীলফামারীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতে লরির কেবিনে থাকা দুটি জারকিনে (১০ লিটার পেট্রল ও ২ লিটার ডিজেল) অবৈধভাবে পাচারের অভিযোগে লরির ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, শ্রমিকদের অবিলম্বে মুক্তি এবং এনডিসি নিয়াজ ভূঁইয়াকে বদলি না করা হলে কর্মসূচি চলবে।
সিএ/এমই


