প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান ওরফে মনিরুল ইসলাম (২৭)কে হাতকড়া পরা অবস্থায় পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে হাতীবান্ধার সিঙ্গীমারীর ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সিংগীমারীর দক্ষিণ গড্ডিমারী এলাকার ফারুক হোসেনের বাড়ি থেকে আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে মনিরুজ্জামানকে শনাক্ত করে। সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন।
পরে পুলিশের সঙ্গে চোরাই মালামাল উদ্ধারের জন্য অভিযানে বের হলে মনিরুজ্জামান হাতকড়া পরা অবস্থায় সুযোগ বুঝে পালিয়ে যান। এরপর পুলিশ রাতভর অভিযান চালিয়ে আজ সকালে তাঁকে সিঙ্গীমারীর ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আবার গ্রেপ্তার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, সিসিটিভি ফুটেজের সাহায্যে আসামিকে শনাক্ত করা হয়েছে। চুরির মামলা ছাড়াও পুলিশ হেফাজত থেকে পালানোর অপরাধে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিএ/এমই


