শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট জামে মসজিদে ১১৯ বছর ধরে রোজার মাসে পথচারীদের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। মসজিদটির বয়স প্রায় ১২০ বছর। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিদিন এখানে পথচারী, শ্রমজীবী ও মুসল্লিরা একসঙ্গে বসে ইফতার করেন। এ আয়োজন দীর্ঘদিন ধরে এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে দৃঢ় করছে।
মসজিদটি ১৯০৭ সালে মুন্সি ও হাওলাদার পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রথমে গোলপাতা দিয়ে অস্থায়ী মসজিদ নির্মাণ করা হয়েছিল। ১৯৩৫ সালে এক একর জমির ওপর পাকা একতলা ভবন ও একটি মিনার নির্মাণ করা হয়। ১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও মসজিদটি পরিদর্শন করেছিলেন।
রমজান মাসে স্থানীয় দানশীল ব্যক্তি, ব্যবসায়ী ও প্রবাসীদের সহযোগিতায় ইফতার প্রস্তুত করা হয়। এতে খেজুর, ছোলা, মুড়ি, খিচুড়ি, ফল, শরবতসহ নানা আয়োজন থাকে। প্রতিদিন ৪০০-৫০০ মানুষ মসজিদে বসে একসঙ্গে ইফতার করেন। মসজিদের ইমাম সাব্বির আহমদ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ইফতার প্রস্তুত ও পরিবেশনের দায়িত্ব পালন করেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, “আমাদের পূর্বপুরুষেরা মসজিদটি স্থাপন করেছেন এবং ইফতারের আয়োজনের প্রথা চালু করেছেন। আমরা যতদিন আছি, এই আয়োজন চালিয়ে যাব। পরবর্তী প্রজন্ম এই সম্প্রীতির বন্ধন টিকিয়ে রাখবে কি না, তা জানি না।”
সিএ/এমই


