অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসের সময় মারা যাওয়া বাংলাদেশি খাইরুজ্জামাল (৪২) এর মরদেহ ৩৮ দিন পর দেশে ফিরেছে। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে লালমনিরহাটের চ্যাংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর দিয়ে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত খাইরুজ্জামালের বাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে যান খাইরুজ্জামাল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাঁকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মরদেহ দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে প্রশাসনিক ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৃত্যুর ৩৮ দিন পর মরদেহটি দেশে আনা সম্ভব হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইবনে সিদ্দীক বলেন, ‘দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে খাইরুজ্জামালের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ তিনি আরও জানান, রাতেই পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
সিএ/এমই


