যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে চার মাস ধরে বন্ধ রয়েছে। বেতন পাওয়ার দাবিতে কর্মীরা সোমবার ( ২ মার্চ) সকাল থেকে কাজ বন্ধ রেখে কার্যালয়ে অবস্থান করছেন। এতে অফিসের বিকেলের কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।
আকাশ আকবার চালডাল ডটকমের যশোর অফিসে চার বছর ধরে প্রিমিয়াম কেয়ার অ্যাসোসিয়েট পদে চাকরি করছেন। তিনি জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস ধরে বেতন পাননি। আকাশের মতো এ অফিসে কর্মরত অন্তত ৬০০ জন কর্মীর বেতন বন্ধ রয়েছে।
কর্মীরা বেতন না পেয়ে ক্ষুব্ধ। অফিসে অবস্থানকালে তারা তাদের দাবিগুলো জানিয়েছেন। বেতন না দেওয়ার কারণে অনেকে মাসিক খরচ চালাতে পারছেন না। এই অফিসের বেশির ভাগ কর্মী অনার্স পর্যায়ের শিক্ষার্থী। বেতন বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়ার খরচ ও যাতায়াতের জন্য সমস্যায় পড়েছেন।
২০১৯ সালে চালডাল ডটকম যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ১২ ও ১৪ তলায় ১২ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ নিয়ে কল সেন্টার চালু করে। যশোর অফিসে এ পর্যন্ত অন্তত ৬০০ কর্মী কর্মরত। গত বছরের ডিসেম্বর থেকে বেতন বন্ধ থাকায় কর্মীরা বিক্ষুব্ধ হয়ে কার্যালয়ে অবস্থান করছেন।
ম্যাপিং অ্যাসোসিয়েট জি এম দুর্লভ হাসান প্রথম আলোকে বলেন, বেতন না দেওয়ার কারণে তিনি ফেব্রুয়ারিতে চাকরি ছেড়ে দিয়েছেন। তাঁর বকেয়া ৩৪ হাজার ৫০০ টাকা। তিনি জানান, তার মতো অন্তত ৬০০ কর্মী বেতন পাওয়ায় ভুক্তভোগী।
চালডাল ডটকম যশোর অফিসের ফোকাল পারসন মিঠুন বলেন, হঠাৎ আর্থিক সংকট দেখা দেওয়ায় নতুন বিনিয়োগ আসেনি। এজন্য কর্মীদের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। কর্মীদের হট্টগোলের কারণে অফিসের কার্যক্রম বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে।
সিএ/এমই


