নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার ( ১ মার্চ) রাতে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলায় এ পর্যন্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
র্যাব–১১–এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার আসামির নাম ইছাহাক ওরফে ইছা (৪০) এবং তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায়।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মাধবদী এলাকার একটি শর্ষেখেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২–৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়।
র্যাব কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার জানিয়েছেন, ইছাহাককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ পর্যন্ত গ্রেপ্তার ৮ আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২), মো. আইয়ুব (৩০) এবং ইছাহাক ওরফে ইছা (৪০)। এজাহারভুক্ত আসামিদের মধ্যে বর্তমানে আবু তাহের (৫০) পলাতক আছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সিএ/এমই


