গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনতলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন দেখা যায়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওই কার্যালয়ে আগুন লাগার ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক আতঙ্ক তৈরি হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে ওপরের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পরে কাছে গিয়ে দেখা যায়, ভেতরে থাকা কিছু কাঠ ও পরিত্যক্ত জিনিসপত্রে আগুন জ্বলছে। ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন জড়ো হলেও আগুন নেভাতে কেউ এগিয়ে যাননি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শী মো. আক্তার বলেন, ‘প্রায় ১০–১২ মিনিট আগুন জ্বলেছে। পরে নিজে থেকেই আগুন নিভে যায়।’
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ভবনটি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা ব্যবহার করতেন। গণ–অভ্যুত্থানের পর কার্যালয়ের আসবাবপত্রসহ বেশির ভাগ জিনিসপত্র লুট হয়ে যায়। এরপর থেকে ভবনটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং অধিকাংশ নেতা–কর্মী আত্মগোপনে চলে যান।
মঙ্গলবার কার্যালয়ের ভেতরে কীভাবে আগুনের সূত্রপাত হলো, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় সেখানে কেউ অবস্থান করছিলেন কি না, তাও জানা যায়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী বলেন, ‘এমন কোনো ঘটনার খবর আমরা পাইনি।’
সিএ/এমই


