পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে চাঁদার দাবিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ‘তানিসা আচার ঘর’ দোকানের মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে কুয়াকাটার হুইসেন পাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। মনিরুল দাবি করেন, অভিযুক্তরা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত।
মনিরুল হাওলাদারের ভাষ্য অনুযায়ী, চাঁদা না দেওয়ায় লাঠিসোঁটা নিয়ে হামলাকারীরা হঠাৎ দোকানে ঢুকে ভাঙচুর শুরু করেন। এ সময় দোকানের কর্মচারী হাসানকে মারধর করা হয়। তিনি বলেন, মাকসুদ আকন নামের একজন দোকানের ভেতরে ঢুকে গালাগাল করেন এবং ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা নিয়ে যান। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা সরে পড়েন।
অভিযুক্ত মাকসুদ আকনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থক। তবে দলে তাঁদের কোনো পদ-পদবি নেই। ওই দোকানের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তারপরও কারও দোকানে হামলা-ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব। এ ছাড়া দলের নেতাদের জানানো হবে। কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমই


