ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে জেলার তিনটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলাসহ তিনটি আসনের ভোটকেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এবারের নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনে মোট ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যদের বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। এ ছাড়া চরাঞ্চল ও সীমান্তঘেঁষা এলাকার ১০৬টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রশাসন সূত্র জানায়, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
সিএ/জেএইচ


