ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত সোমবার রাতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিবিরের সভাপতি ও ডাকসুর সহসাধারণ সম্পাদক ছাত্রদলের প্রতি ইঙ্গিত করে বলেন, “যাঁরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের দেখানো রাস্তায় দলের কার্যক্রম পরিচালনা করছেন, তাঁদের পরিণতিও ছাত্রলীগের মতোই হবে। এই ক্যাম্পাসে নতুন করে কোনো দখলদারত্বের সুযোগ দেওয়া হবে না।”
ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, কিন্তু দেশের আইনশৃঙ্খলা ঠিক থাকলে মানুষকে রাস্তায় নামতে হতো না। ছাত্রদলকে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, হল দখলের রাজনীতি ও সন্ত্রাস ফিরিয়ে আনবেন না, নয়তো ছাত্রলীগের মতো ভোগ করতে হবে।”
সমাবেশে শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানের বক্তব্যও দেন।
পুলিশ জানায়, সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে।
সিএ/এমই


