চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন লেবেল ব্যবহারের অভিযোগে যৌথ অভিযান চালিয়েছে র্যাব-৭ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দের পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল এবং মঙ্গলবার (৭ এপ্রিল) নগরীর বায়েজীদ বোস্তামী ও পাঁচলাইশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করছে এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন লেবেল ব্যবহার করে বাজারজাত করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে র্যাব-৭-এর সদস্যদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেলের অবৈধ মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, একই দিন রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
সিএ/এএ


