গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পিরুজালী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার (৫৫) ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান স্থানীয় একটি কারখানায় কর্মরত এবং তার ছেলে নাজমুল সাকিব পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। ঘটনার সময় বাড়ির সদস্যরা নিজ নিজ কক্ষে অবস্থান করছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা সাকিবের স্ত্রী আরিফা আক্তারের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। বিষয়টি টের পেয়ে গৃহকর্ত্রী আসমা আক্তার বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। পরে ঘর থেকে প্রায় ৩ লাখ টাকা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা।
পরদিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অচেতন অবস্থায় থাকা আরিফা আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, মধ্যরাতে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুনেছি ডাকাতদের কাজে বাধা দেওয়ায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
সিএ/এএ


