দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদরাসায়—প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। দীর্ঘদিনের প্রচলিত নিয়োগ পদ্ধতি বাতিল করে এখন থেকে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে।
রোববার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান—প্রধান শিক্ষক ও অধ্যক্ষ—এবং সহকারী প্রধান পদে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু করা হচ্ছে।
নতুন ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান শূন্য পদগুলোতে প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং যোগ্য প্রার্থীদের সুযোগ নিশ্চিত হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এদিকে নতুন নিয়োগ পদ্ধতি, পরীক্ষার কাঠামো এবং বর্তমানে শূন্য থাকা ১২ হাজার ৯৫১টি পদের নিয়োগ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনটিআরসিএ। আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় এনটিআরসিএ চেয়ারম্যানের দপ্তরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম নতুন পদ্ধতির কর্মপরিকল্পনা তুলে ধরবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
সিএ/এএ


