বিশ্বের আট হাজার মিটার বা তার বেশি উচ্চতার ১৪টি পর্বতের মধ্যে ইতিমধ্যেই চারটি পর্বতের চূড়া ছুঁয়েছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। এবার তার লক্ষ্য মাউন্ট মাকালু, পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ। ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক অভিযানে তিনি চেষ্টা করবেন গ্রেট ব্ল্যাক ওয়ান খ্যাত চূড়া আরোহণের।
পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এই অভিযান আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, বিশ্বে ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের একটি দীর্ঘ ও সুদূরপ্রসারী ইচ্ছা অনেকদিন ধরেই লালন করছি। ইতোমধ্যে সে লক্ষ্যে বেশ কিছুদূর এগিয়েছি। মাকালু এই লক্ষ্যপানে আরও একটি দৃঢ় পদক্ষেপ হতে যাচ্ছে।
মাউন্ট মাকালু নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত। উচ্চতা ৮৪৮৫ মিটার বা ২৭,৮৩৮ ফুট। এটি খাড়া ঢাল, প্রচণ্ড বাতাস এবং চতুর্মুখী পিরামিড আকৃতির জন্য পরিচিত। বাবর বলেন, এই চ্যালেঞ্জ নিতেই আমি প্রস্তুত। নতুন ও চ্যালেঞ্জিং কিছু করতে সবসময়ই আনন্দ পাই।
পর্বতারোহণে বাবরের পথচলা শুরু ২০১৪ সালে। ২০১০ সালে ট্রেকিং জগতে হাতেখড়ি। তিনি চট্টগ্রামের নানান পাহাড়ে ট্রেনিং নিয়ে ভারতের উত্তরকাশীর নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০২২ সালে হিমালয়ের আমা দাবলাম চূড়া ২২,৩৪৯ ফুট এবং ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট ২৯,০৩৫ ফুট ও মাউন্ট লোৎসে ২৭,৯৪০ ফুট আরোহণ করেন।
২০২৫ সালে তিনি অন্নপূর্ণা-১ ২৬,৫৪৫ ফুট এবং একই বছরের সেপ্টেম্বরে মাউন্ট মানাসলু ২৬,৭৮১ ফুট (কৃত্রিম অক্সিজেন ছাড়াই) আরোহণ করেন। এবার মাউন্ট মাকালু হবে তার পঞ্চম আট হাজার মিটার উচ্চতার অভিযান। ৭ এপ্রিল তিনি নেপালের কাঠমান্ডু থেকে অভিযান শুরু করবেন। পুরো অভিযান প্রায় ৫০ দিন ধরে চলবে।
সিএ/এমআর


